খিলগাঁও এর সবুজমতি ভবনে সাবের হোসেন চৌধুরীর আবাসিক বাসভবন ছিলো। খিলগাঁওয়ের সবুজবাগ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। এমন প্রেক্ষাপট থাকা সত্ত্বেও সাবের হোসেনকে জামিন দেয়ায় বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর খিলগাঁও এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এমন প্রশ্ন তোলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে এই সাবের হোসেন চৌধুরী বহু ছাত্রনেতা ও বিএনপি নেতাদের গুম খুন করেছেন। তাহলে ড. আসিফ নজরুল আইন উপদেষ্টা থাকা অবস্থায় তিনি কীভাবে জামিন পেলেন?
রিজভী আরও বলেন, গুম-খুন ও ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশদাতার জামিন দেশের সাথে প্রহসন ছাড়া কিছু নয়। দেশের মানুষকে হত্যা করে দিল্লীতে গিয়ে খুনিরা শপিং করে বেড়াচ্ছে। তাদেরকে দেশের বাইরে কারা যেতে দিলো সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গত মঙ্গলবার পৃথক ছয়টি মামলায় জামিন পান। এরপর সন্ধ্যার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে জামিনে কারামুক্ত হন তিনি।
Leave a Reply