করণ জোহর প্রযোজিত ‘সরজমিন’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। আর এই সিনেমায় দেখা যাবে আরেক জনপ্রিয় নায়িকা কাজলকে। ‘সরজমিন’র মধ্য দিয়ে ১২ বছর পর করণের প্রযোজনায় কাজ করবেন কাজল।
প্রতিরক্ষা বাহিনীর গল্পনির্ভর এই সিনেমাটি নির্মাণ করবেন অভিনেতা বোমান ইরানির ছেলে কায়োজে ইরানি।
মূলত কাশ্মীরের সন্ত্রাসবাদকে ঘিরে নির্মিত হবে ‘সরজমিন’। ইব্রাহিম ও কাজলকে কেন্দ্র করেই আবর্তিত হবে সিনেমার গল্প। তবে এতে ইব্রাহিমের বিপরীতে কোনো নায়িকা থাকবেন না বলে জানা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইয়ের অভিষেক নিয়ে অভিনেত্রী সারা আলী খান বলেন, ইব্রাহিম তার প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন। তবে পোস্ট প্রোডাকশনের কাজ কিছুটা বাকি রয়েছে, যা চলতি বছরেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে পরিচালনায়ও হাত দিয়েছেন ইব্রাহিম। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান ইব্রাহিম। সেখান থেকে ফিরেই পরিচালনায় মন দেন সাইফপুত্র।
প্রসঙ্গত, করণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’তে সহকারী নির্মাতা হিসেবে কাজ করেছেন ইব্রাহিম।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Leave a Reply