‘আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে।
নির্বাচন বর্জনের পর তারা হতাশায় এমন পর্যায়ে পৌঁছেছে যেন অদৃশ্য শক্তির উপর বিশ্বাস শুরু করেছে। বিএনপি ঘনঘন বিদেশিদের দুয়ারে যাচ্ছে। কখন যে তাবিজ দোয়ার উপর ভর করে সেটাই দেখার বিষয়।’
রবিবার (১২ মে) বিকালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে পরপর চার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় চিঠি লিখেছেন। তাদের সম্পর্ক আরও উচ্চতর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ আসছেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা উপলক্ষে কক্সবাজারে অবস্থান করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্য। বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন, নাহিম রাজ্জাক,নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, জাতীয় সংসদের হুইপ সাইমুম সারওয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply