এইচএসসি পরীক্ষা, তীব্র তাপ প্রবাহ, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ, ক্লাস-পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।
শনিবার (১৩ জুলাই) ছাত্রলীগের পাঠানো বিবৃতিতে বলা হয়- আন্দোলনের নামে এ ধরনের কার্যক্রমে কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান আসতে পারে না। এতে উচ্চ আদালতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত মধ্যবর্তী সময়ের জন্য পুনর্বহাল হয়েছে উল্লেখ করে বলা হয়, দায়িত্বশীলতার পরিচয় দিয়ে স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় কোটা সংক্রান্ত জটিলতার যৌক্তিক সমাধান নিয়ে আসা উচিত। এজন্য শিক্ষার্থীদের সব রকম বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, কোটা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং কেউই দেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে নয়। আইনি প্রক্রিয়াতেই এর চূড়ান্ত, স্থায়ী, যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে এগোতে হবে। এক্ষেত্রে দেশের শিক্ষার্থী সমাজের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে রয়েছেন। সাথে আছে বাংলাদেশ ছাত্রলীগও।
Leave a Reply