এবার ঢাকা মেডিকেলে ঢুকে কোটা আন্দোলনকারী সন্দেহে সাধারণ রোগীদের মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে তারা এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা ও চিকিৎসাপ্রার্থীরা অভিযোগ করেন, বিকাল থেকে হাসপাতালে প্রবেশ করতে গেলেই বাধা দিচ্ছিল ছাত্রলীগ কর্মীরা। নিজেদের কর্মী ছাড়া অন্য কাউকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসতে দিচ্ছিল না। তবে মেডিকেলের ভেতরে আগে থেকেই কোটা আন্দোলনকারীদের একটি অংশ চিকিৎসা নিচ্ছে দাবি করে সন্ধ্যার দিকে লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে শতাধিক ছাত্রলীগ কর্মী। এ সময় তারা জরুরি বিভাগে থাকা রোগীদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ ঘটনায় রোগীদের পাশাপাশি বেশ কয়েকজন রোগীর অভিভাবকও আহত হন।
এদিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে আন্দোলনে আহত শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আলিফ লায়লা।
হাসপাতালে রোগীদের প্রবেশে বাধা ও হামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জমান বাংলাভিশনকে বলেন, আমাদের কাছে সব রোগী সমান। আমরা যে পক্ষই আসুক না কেন সাবাইকে চিকিৎসা দিচ্ছি। আর যারা বাধা দিচ্ছে তাদের ঠেকাতে আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি।
Leave a Reply