জাতীয় নিরাপত্তার স্বার্থেই মোবাইল ইন্টারনেটের ধীরগতি করা হয়েছে বলে দাবি করে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমি গত তিনদিন থেকেই ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একাধিকবার সতর্কবার্তা দিয়েছি। কিন্তু তারা এর কোন কর্ণপাত করেনি।’
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আইসিটি ডিভিশনে দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি মহল সাধারণ শিক্ষার্থীদের উষ্কানি দিতে লাখ লাখ ডলার খরচ করে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বুস্ট (পেইড প্রোমোশন) করে একটি পক্ষ সহিংসতা ও অপতৎপরতা চালানোর অপচেষ্টা করছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত এবং অপপ্রচার রোধেই মোবাইল ইন্টারনেটের ধীরগতি করা হয়েছে।
তিনি আরও বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তি দেশ এবং দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট আপ করছে এবং লাখ লাখ ডলার ব্যয় করে সেগুলো পোস্টিং করছে।
এ সময় তিনি আন্দোলনকারীদের ধৈর্য ধরারও আহ্বান জানান।
Leave a Reply