ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটবহুল রাজধানীর ব্যস্ত সড়কে বসে থাকলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটবহুল রাজধানীর ব্যস্ত সড়কে বসে থাকলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহনের সঙ্গেই লাইন মেনে চললো তারও গাড়ি বহর। রবিবার (১১ আগস্ট) রাজধানীতে এমন ঘটনা ঘটেছে। ব্যস্ত সড়কে যানজটের কারণে বেশ কয়েক মিনিট ইউনূসের গাড়ি আটকে ছিল। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত সদস্যরা গাড়ি থেকে নেমে দাঁড়ান।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বর এলাকায় ভিডিওটি করা হয়। ভিডিওতে দেখা গেছে, ‘প্রধানমন্ত্রী’ লেখা ড. ইউনূসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা। এ সময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন। নিরাপদ দূরত্বে থাকুন। রাস্তা থেকে দূরে দাঁড়ান। কোনো গাড়ি ভেতরে ঢোকাবেন না। বাম পাশের রিকশা ডান পাশের লেনে ঢোকাবেন না। কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না।
উল্লেখ্য যে, বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রটোকল বিধি অনুসারে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে। তাদের চলাচলের ১৫ মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কটির একপাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয়।
Leave a Reply