বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহেই ঢাকা আসছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জাতিসংঘের অর্থায়নে স্বাধীনভাবে এই মিশন তদন্ত করবে বলে জানান তিনি।
এদিকে, জাতিসংঘ মিশনকে তদন্তে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধীনে হতাহতের ঘটনা তদন্তে সম্মত হয়েছেন। এরই আলোকে জাতিসংঘ তদন্ত দলের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহে দেশে আসবে বলে জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তদন্তকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতেই জাতিসংঘের সহায়তা নেয়া হচ্ছে।
এদিকে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জাপান ও রাশিয়ার রাষ্ট্রদূতরা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবেন বলে তারা জানিয়েছেন।
Leave a Reply