আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা করা যাবে না, সাফ জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সব জায়গায় ফ্যাসিস্টের দোসররা বসে থাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে, আর সংবিধান সংষ্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ বলেছেন, দেশের সকল প্রতিষ্ঠানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রা; আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তাদের আলোচনায় গুরুত্ব পায় রাষ্ট্র কাঠামো সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, অন্তবর্তী সংস্কারের কর্মপরিকল্পনা, সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ সমসাময়িক নানা বিষয়।
অনুষ্ঠানে নির্বাচনের আগ পর্যন্ত অন্তবর্তী সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলসহ সবার প্রতি আহ্বান জানান সমন্বয়করা।রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের বিকল্প নেই বলেও মনে করেন তারা।
জুলাই গণত্যার বিচার নিশ্চিত করা না হলে অন্তবর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলে মনে করেন আলোচকরা। সব জায়গা থেকে আওয়ামী দোসরদের উৎখাত করতে এবং বিদ্যমান আইনে তাদের বিচার নিশ্চিত করার পরামর্শও দেন তারা।
এসময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, উৎকৃষ্ট গণতন্ত্র বিনির্মাণে সংবিধান সংস্কারের বিকল্প নেই। ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখে দিয়ে সব খাতে সংস্কার বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। অন্তবর্তী সরকারকে ধৈর্য ধরে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
গণতন্ত্রের অভিযাত্রা সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বক্তারা।
Leave a Reply