চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় দাস অনুসারীদের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে আলাদা তিনটি মামলা হয়েছে। এদিকে, তৃতীয় দিনের মত চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা।
মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের করা এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও চৌদ্দশ’ জনকে আসামি করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলা করেছে এবং ৭ জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত। মহানগরীর কোতোয়ালী থানার অধীনে তিন এলাকায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের আলাদা ঘটনায় পৃথকভাবে এই তিনটি মামলা হয়।
গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন বান্ডিল সেবক কলোনি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ৩৭ জন।
Leave a Reply