দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। শুক্রবার (৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ইউন বলেন, ‘দেশে সামরিক আইন ঘোষণার জন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।’ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অনেকের ধারণা ছিল তিনি হয়তো পদত্যাগের ঘোষণা দিবেন। তবে প্রেসিডেন্ট তেমন কোন ঘোষণা দেননি। অভিশংসন বিষয়েো তিনি কোন মন্তব্য করেননি। তবে প্রেসিডেন্টকে অভিশংসনে আজ (শনিবার) দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। সামরিক আইন জারি করার পর থেকে প্রেসিডেন্টের ওপর পদত্যাগের চাপ বাড়ছে।
তিনি বলেন, ‘এই ঘোষণার ফলে যে কোনও আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় আমি এড়াতে পারি না। মানুষের মধ্যে সন্দেহ রয়েছে যে আরেকবার সামরিক আইন জারি করা হবে কিনা; তবে আমি আপনাদের স্পষ্টভাবে এটা বলতে পারি যে, আরেকবার সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হবে না।’
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন। এ কারণে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নেন আইনপ্রণেতারা। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট। কিন্তু এই ঘটনার পর থেকেই অভিশংসনের মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট। তাকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার (৬ ডিসেম্বর) দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো।
Leave a Reply