বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হত্যা, গণহত্যা আর জনগণ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে ১৯৭১ সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক-হানাদার বাহিনীর বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ১৯৭১ সালে আমরা জাতির বরেণ্য ব্যক্তিদের হারিয়েছি। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি। এবং শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, এই দিনে বিএনপি শপথ নিচ্ছে, ১৯৭১ সালে যে কারণে জনগণ স্বাধীনতার যুদ্ধ করেছিল সেই স্বপ্নকে বাস্তবায়নে ফ্যাস্টিস্টকে পরাজিত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তার প্রত্যাশা, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আর দেশ পাবে গণতান্ত্রিক সরকার।
Leave a Reply