ইসরাইলকে সহায়তা করতে আবারও একটি বিশাল অস্ত্র প্যাকেজের প্রস্তাবনা সম্পর্কে ইউএস কংগ্রেসকে নোটিফাই করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। জানা গেছে, এবারের প্যাকেজটির মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার। অ্যাকসিওস নিউজ সাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একাধিক অজ্ঞাত সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন প্যাকেজে যুক্ত হতে পারে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যার মধ্যে রয়েছে জেট যুদ্ধ বিমান, বিশেষ গোলাবারুদ এবং এয়ার-টু-এয়ার মিসাইল। এছাড়া, অন্তর্ভুক্ত থাকবে ১৫৫ মিমি আর্টিলারি শেল এবং হেলফায়ার এজিএম-১১৪ মিসাইল। এর সাথে, ছোট বোমা, জেডিএএম টেইল কিটস এবং ২৩০ কেজি ওজনের ওয়ারহেড এবং বম্ব ফিউজেস।
এই অস্ত্র প্যাকেজটি সম্ভবত বাইডেন প্রশাসনের শেষ প্যাকেজ হবে, যা বাইডেনের আসন্ন বিদায়ের আগে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, এর বাস্তবায়ন হবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট ফরেন রিলেশনস কমিটির অনুমোদনের পর।
এদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ডেপুটি স্পেশাল প্রেসিডেন্সিয়াল এনভয় হিসেবে মরগান অর্টাগাসকে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে অর্টাগাস প্রো-ইসরাইলি হিসেবে ব্যাপক পরিচিত। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর একজন অনুরাগী হিসেবেও পরিচিতি পান।
স্টিভেন উইটকফের নেতৃত্বে স্পেশাল এনভয়ের অধীনে কাজ করবেন অর্টাগাস। এর আগে, অর্টাগাস আব্রাহাম অ্যাকর্ডস টিমের সদস্য ছিলেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ইসরাইল-বাহরাইন এবং ইসরাইল-সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
সম্প্রতি, অর্টাগাস তার নিয়োগ গ্রহণ করে জানান, তিনি এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকায় তার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম অর্টাগাসের নিয়োগের প্রশংসা করেছেন এবং তিনি তার ইসরাইলের সাথে ব্যাপক সম্পর্কের দিকেও ইঙ্গিত করেছেন।
Leave a Reply