সাধারণ জনগণের ওপর কর এবং ভ্যাট আরোপের মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ঋণখেলাপী অলিগার্কদের অপরিশোধিত ঋণ পরিশোধে এবং পাচার করা টাকা ফিরিয়ে আনতে বাধ্য করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্বনীতি এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে দাবি করে মহাসচিব বলেন, এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
অন্তবর্তীকালীন সরকারের আরোপিত কর ও ভ্যাটে জনগনের ভোগান্তি নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান অর্থনৈতিক অস্থিশীলতার মধ্যেই ১০০টিরও বেশী পণ্যের ওপর ভ্যাট এবং সম্পুরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে। এর ফলে সাধারন মানুষের দৈনন্দিন জীবনে যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলছে তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন।
মির্জা ফখরুল নীতিমালা প্রণয়নে সবার আগে জনগনের কথা বিবেচনায় নেয়ার অনুরোধ জানান। সেই সাথে পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনযোগ দিতে অন্তবর্তী সরকারের প্রতি পরামর্শ দেন।
রাজস্ব প্রশাসনে পতিত সরকারের দোসররা বহাল তবিয়তে আছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সহজ পন্থার পরোক্ষ কর আদায় করে রাজস্ব বাড়ানোর এনবিআরের পরামর্শ অযৌক্তিক।
বিএনপি মনে করে, খরচ কমানোর পাশপাশি এমন কিছু উৎস ও উপায় খুজে বের করা উচিত যা দরিদ্র জনগোষ্ঠীর ওপর অর্থনৈতিক চাপ তৈরী করবে না।
Leave a Reply