বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, কোনো হঠকারিতা করা ঠিক হবে না। মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, সমাজ যেভাবে চায় রাজনীতিবিদ সেভাবে তৈরি হয়। দীর্ঘদিন সংগ্রাম করে সফলতা অর্জনের পর যে অস্থিরতা চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে ,ধৈর্য ধরতে হবে। এই সরকারের ভুল ত্রুটি থাকবেই, নানা দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চলছে।
তিনি অভিযোগ করেন, দেশকে একটি ঝঞ্জালে পরিণত করেছে ফ্যাসিস্ট সরকার। ঘুষ দুর্নীতি সব জায়গায়। এ অবস্থা থেকে রাতারাতি উন্নতি হবে না, ধৈর্য ধরতে হবে। সম্ভাবনা তৈরি হয়েছে, সংস্কার প্রস্তাব আসছে, সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে।
মির্জা ফখরুল বলেন, ন্যুনতম সংস্কার করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে। তিনি আশা করেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা সবসময় বেশি থাকে।
Leave a Reply