মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরব কিংবা আরব আমিরাতে হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়া দু’টি উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। সূত্র জানিয়েছে, মস্কোর কর্মকর্তারা ইতোমধ্যে দুটি দেশ সফর করেছেন।
ভিন্ন আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের ভেন্যু নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন। তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেন্যু নয়। উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ।
সম্ভাব্য এ বৈঠকের বিষয়ে জানার জন্য সৌদি ও আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। রাশিয়ার সূত্রের বরাতে জানা গেছে, দুই নেতার বৈঠকে দুটি ইস্যু গুরুত্ব পাবে— জ্বালানি তেলের দাম এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান।
তবে জ্বালানি তেলের চেয়েও বেশি গুরুত্ব পাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের ইস্যুটি। গত জানুয়ারি মাসে শপথ গ্রহণের আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য পাবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। সূত্র: রয়টার্স
Leave a Reply