কাল ঢাকায় বিএনপির বর্ধিত সভা। বর্ধিত সভাকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্ততি চলছে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে।
সারাদেশ থেকে আসা চার হাজার প্রতিনিধি এতে অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন।
স্বাগত বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা। ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারাও থাকবেন সভায়। জেলা, থানা বা উপজেলার নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বর্ধিত সভায়।
বিএনপি নেতারা আশা করছেন, সবার অংশগ্রহণে যে মিলনমেলা তৈরি হবে, তার মধ্য দিয়ে আমাদের মাঝে নতুন একটা স্পিরিট তৈরি হবে, নতুন জাগরণ সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করা হবে।
এবারের সভায় মূলত চারটি ইস্যু গুরুত্ব পাবে। এগুলো হচ্ছে, ৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা। সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Leave a Reply