জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুই আবাসিক হল ও একটি চত্বরের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘বিদ্রোহী’ হল ও ‘শিউলিমালা’ হল রাখা হয়েছে। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্বলিত ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এর নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ স্কয়ার’ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব পরিবর্তন করা হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
এ বিষয়ে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি বলেন, জুলাই বিপ্লবের পর স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলাদেশে থাকুক সেটি আমরা চাই না। নজরুলের শ্রেষ্ঠ দুটি সৃষ্টির নামে হলের নামকরণ করায় আমরা আনন্দিত। পাশাপাশি জুলাই বিপ্লব স্মরণে ‘জুলাই ২৪ স্কয়ার’ নামকেও সাধুবাদ জানাই। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা বা সৃষ্টিকর্মের নামকরণ কোনো ব্যাক্তিকেন্দ্রিক না হোক, সেটাই কাম্য।
তবে শিক্ষার্থীদের অভিযোগ এখনও সকল স্থাপনা থেকে শেখ পরিবারের চিহ্ন সরানো হয়নি। শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ, শেখ রাসেল শিশু পার্ক এবং হল ও লাইব্রেরিতে থাকা বঙ্গবন্ধু কর্ণারের নাম এখনও বহাল রয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের পরই নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয় আন্দোলনকারীরা। পরে হল দুটির নাম কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ‘বিদ্রোহী’ কবিতা ও ‘শিউলিমালা’ গল্পগ্রন্থের নামে পরিবর্তন করার দাবি জানায় শিক্ষার্থীরা।
Leave a Reply