ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৬২ শতাংশ। আর, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতিও কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে। বিবিএস বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে, গত জানুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। জানুয়ারি মাসে যেটি ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।
এদিকে, জানুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশ থাকলেও ফেব্রুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া ফেব্রুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৫ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৭ শতাংশ।
উল্লেখ্য, বিবিএস এর আওতায় ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং প্রতিমাসে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে ভোক্তা মূল্যসূচক এবং মূল্যস্ফীতির এ হার নির্ধারণ করে।
Leave a Reply