জার্মানির প্রধান প্রধান বিমানবন্দরে ২৪ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন প্রায় ৫ লাখ ১০ হাজার যাত্রী। কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিমানবন্দর কর্মকর্তা ও কর্মীদের ট্রেড ইউনিয়ন ভেরডি গেলো সোমবার এই ধর্মঘটের ডাক দিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ধর্মঘটের কারণে এরই মধ্যে দেশটির বিভিন্ন বিমানবন্দরে তিন হাজার চারশোর বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, স্টুটগার্ট, কোলন, বন, ড্যুসেলডর্ফ, ডর্টমুন্ড, হ্যানোভার, ব্রেমেন ও হামবুর্গসহ সব প্রধান বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ফলে, যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন এবং অনেকে বিকল্প ব্যবস্থা খুঁজতে বাধ্য হন।
জার্মান বিমানবন্দর অপারেটর সংস্থা এডিভি জানিয়েছে, ধর্মঘটের ফলে যাত্রীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভেরডি ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে মাসিক বেতন ৮ শতাংশ বৃদ্ধিসহ বোনাস ও ছুটির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। কিন্তু, কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় এই আন্দোলনের ডাক দেয় তারা।
Leave a Reply