অবশেষে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ, রাজি হবে রাশিয়াও। মধ্যস্থতা চলাকালে ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে যুদ্ধবিরতির চূড়ান্ত সফলতা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত মধ্যস্থতা আলোচনায় অগ্রগতির সংবাদে স্বস্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনে ওভাল অফিসের বাইরে তিনি জানিয়েছেন, নিয়মিত হাজার হাজার সেনা আর বেসামরিক মানুষের মৃত্যুর জন্য দায়ী এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তার আশা, রাশিয়াও যুদ্ধবিরতির এই প্রস্তাবে রাজি হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আবার হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে চুক্তি চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
যুদ্ধবিরতির গঠনমূলক প্রস্তাব দেয়ায় মার্কিন জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ বা রেয়ার আর্থ মিনারেল দেয়ার চুক্তি শিগগিরই সই হবে। সৌদিতে যুদ্ধবিরতির সমঝোতা আলোচনা শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এবিষয়টি নিয়ে রাশিয়ার সাথেও আলোচনা চলছে।
এদিকে, মধ্যস্থতা প্রক্রিয়ার মধ্যেই সোমবার (১১ মার্চ) ইউক্রেনের রাজধানী কিয়েভ আর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। পরদিন ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোয় নিহত হয়েছে অন্তত তিনজন।
Leave a Reply