শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪ জনে। আহত হয়েছে এক হাজার ৬৭০ জনের বেশি। থাইল্যান্ডে বহুতল ভবন ধসে নিহত কমপক্ষে ৯ জন। নিখোঁজ রয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে মিয়ানমারের ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া আর্থিক, পরিবেশগত ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে এক হাজার কোটি ডলারের বেশি।
ভূমিকম্পের পর দেশটির মান্দালয় ও ইয়াঙ্গুনে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। শক্তিশালী কম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপিডো, সাইগাইং, মান্দালয়সহ পাঁচটি শহর। আশঙ্কা করা হচ্ছে এসব শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। ভূমিকম্পের পর রাস্তায় বেরিয়ে আসা সাধারণ মানুষ আতঙ্কে বাড়িতে ফিরছেন না। মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক সাহায্য আবেদনের পর জাতিসংঘসহ বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে।
এদিকে, থাইল্যান্ডে ৩৩ তলা ভবন ধসে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ৪০৯ জন উদ্ধারকর্মী। এরআগে শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিনিটের দিকে মিয়ানমারে আঘাত হানে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এটির কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে।
Leave a Reply