বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের দাবি কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের। মানুষ ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়া সত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে। আমরা দলের পক্ষ থেকে সব সময়ই দাবি জানিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে। আমরা এই সরকারকে সহযাগিতা করে যাচ্ছি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে। যে উদ্দেশে শহীদরা রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। কাজেই ভোটের অধিকারের প্রতিষ্ঠার যে দাবি, যেটি আমি মনে করি যৌক্তিক সময়েই এই সরকার পদক্ষেপ নিবে। পরবর্তী সিদ্ধান্ত দল কি নিবে আমার পক্ষে বলা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে এটিই আমাদের সকলের প্রত্যাশা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উষ্কানিমূলক বক্তব্য দিচ্ছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেবো।
এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply