উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।
এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী।
গতকাল সোমবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিমান দুর্ঘটনায় সারাদেশের মানুষ আজ হতবাক। এটি কারও ধারণার মধ্যে ছিল না। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না। নিহতদের পরিবারকে কী জবাব দেবো।
প্রধান উপদেষ্টা বলেন, আমার বলার কোনো ভাষা নেই। এখনও হাসপাতালে আহতরা মারা যাচ্ছে। মা-বাবা এখনও সন্তানকে খুঁজছে। বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত করা হবে। কিন্তু দুর্ঘটনায় নিহতরাতো আর ফিরবে না।
Leave a Reply