শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১৫ আগস্ট)। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসভবনে সপরিবারে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট।
শেখ মুজিবুর রহমান ছাড়াও ১৫ আগস্ট রাতে তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।
একই রাতে সেনাসদস্যদের আরেকটি দল শেখ মুজিবুর রহমানের ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনি, তাঁর স্ত্রী আরজু মনিকে হত্যা করে। এ ছাড়া শেখ মুজিবুরের ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত ও তাঁর কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আবদুল নঈম খানকেও হত্যা করে।
ওই সময় শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, ১৫ আগস্টের ওই ঘটনার পর নতুন রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক আহমেদ।
Leave a Reply