একাত্তরের অমীমাংসিত বিষয় এ পর্যন্ত দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা। এর আগে বৈঠকে ঢাকা-ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।
সকাল ১০টায় শুরু হয়ে প্রায় দু’ঘণ্টা চলে বৈঠকটি। এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও চারটি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এসময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।
পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা-ইসলামাবাদ একসাথে কাজ করার সুযোগ রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা।
এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যানসহ ব্যবসায়ী নেতার উপস্থিত ছিলেন।
বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের ইসহাক দার।
Leave a Reply