যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী বিমানটি অবতরণ করে।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী— জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের আট দিন পর, ২৪ এপ্রিল পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা শেষে ৩০ এপ্রিল শনাক্ত করা হয় নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ।
এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হিসেবে লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হিশাম আবুঘেরহের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, বৃষ্টির পরিবারের অনুরোধে মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।
জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
Leave a Reply