পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নারীরা পরিবার ও সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে তার ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যেতে পারে। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থার উচিত প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং সহায়ক ভূমিকা পালন করা।
সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “পুনাকের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য সংগঠনের সব সদস্যকে অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, পুনাকের সদস্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে ইতিবাচক অবদান রাখার অনুপ্রেরণা দিচ্ছেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত এ ধরনের উদ্যোগ একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নারী উদ্যোক্তা প্রসঙ্গে তিনি বলেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন ও বিপণন সহায়তা দেওয়া হলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য বিমোচনেও অগ্রগতি আসবে।
সবশেষে তিনি অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য পুনাকের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
Leave a Reply