স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কৃষিজমির পরিমাণ ক্রমেই কমে আসছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (২৭ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিন সদর উপজেলার জামালপুর, গড়েয়া, নারগুনসহ বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন তিনি। পরে সদর উপজেলার ভাতারমারি ইক্ষু খামারে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ১০০ একর জমি পরিদর্শন করে প্রাথমিক মতামত দেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে, যা দেশের জন্য মোটেও ভালো নয়। আমরা চেষ্টা করছি, নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে গিয়ে যেন প্রয়োজনের অতিরিক্ত কৃষিজমি নষ্ট না হয়।”
তিনি জানান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ ও ইপিজেডসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কৃষিজমির পরিবর্তে অনাবাদি বা অব্যবহৃত সরকারি জমি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, “আমি সবসময় বলে আসছি, যতটা সম্ভব কৃষিজমি রক্ষা করতে হবে। উন্নয়নের প্রয়োজনে আমরা উল্লম্বভাবে (ভার্টিক্যালি) স্থাপনা নির্মাণের দিকে গুরুত্ব দিতে পারি, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব কম পড়ে।”
Leave a Reply