পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা।
মহাসড়কের মির্জাপুর, করাতিপাড়া বাইপাস, আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সবচেয়ে বেশি যানজট দেখা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে যানজটের বিস্তৃতি প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছালেও পরে কিছুটা কমে আসে।
দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে অতিষ্ঠ হয়ে পড়েন যাত্রীরা। অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ও বাসের ছাদে চড়ে বাড়ির পথে যাত্রা করছেন।
নীলফামারীগামী যাত্রী বজলুর রশিদ বলেন, “দুপুর দুইটার দিকে গাজীপুর থেকে রওনা দিয়েছি। কখন যমুনা সেতুতে পৌঁছাব, সেটাই জানি না। ঈদ এলেই সাধারণ মানুষকে এমন দুর্ভোগ পোহাতে হয়।”
রংপুরগামী যাত্রী তোফায়েল বলেন, “রাত ৮টায় বাসে উঠেছি। এখনো গাড়ি অনেক পেছনে আটকে আছে। তাই কয়েকজন মিলে হেঁটে আশেকপুর এলাকায় চলে এসেছি। সামনে আরও কত যানজট আছে, বুঝতে পারছি না।”
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং রাতভর বৃষ্টির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় যান চলাচল আরও ব্যাহত হয়েছে।
Leave a Reply