1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

সড়ক দুর্ঘটনা থামছেই না, এক মাসে ৪২৩ জনের প্রাণহানি

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

দেশে সড়ক দুর্ঘটনা যেন থামছেই না। গত সেপ্টেম্বরে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। অর্থাৎ, মাসটিতে প্রতিদিন গড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু রয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) সেপ্টেম্বর মাসের দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং আরএসএফের নিজস্ব সূত্রের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মোট দুর্ঘটনার ১৫৪টি বা ৩৪ দশমিক ৮৪ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে পথচারীর সংখ্যাও উল্লেখযোগ্য। সেপ্টেম্বরে ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ০৫ শতাংশ। এছাড়া চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট নিহতের ১২ দশমিক ৫২ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় নিহত যানবাহন ব্যবহারকারীদের মধ্যে ১৩৯ জন মোটরসাইকেলের চালক ও আরোহী, ৮৮ জন থ্রি-হুইলারের যাত্রী, ২৬ জন বাসযাত্রী, ২১ জন মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স ও জিপের আরোহী, ১৯ জন ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রলির আরোহী, ১৮ জন স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী এবং ছয়জন সাইকেল আরোহী রয়েছেন। এসব দুর্ঘটনায় মোট ৬৯১টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ১৬২টি মোটরসাইকেল, ১২৯টি থ্রি-হুইলার এবং ১১৩টি বাস।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে ১৪৫টি বা ৩২ দশমিক ৮০ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৭৮টি বা ৪০ দশমিক ২৭ শতাংশ আঞ্চলিক সড়কে, ৫৬টি বা ১২ দশমিক ৬৬ শতাংশ গ্রামীণ সড়কে এবং ৬৩টি বা ১৪ দশমিক ২৫ শতাংশ শহরের সড়কে ঘটেছে।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৮টি বা ৩৮ শতাংশ ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। ১০৯টি বা ২৪ দশমিক ৬৬ শতাংশ দুর্ঘটনায় পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া হয়েছে। ৯৮টি বা ২২ দশমিক ১৭ শতাংশ ছিল যানবাহনের মধ্যে সংঘর্ষ এবং ৬১টি বা ১৩ দশমিক ৮০ শতাংশ দুর্ঘটনায় একটি যানবাহন অন্য একটি যানবাহনের পেছনে আঘাত করেছে।

বিভাগভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ২০টি দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে নিহত হয়েছেন ২১ জন। একক জেলা হিসেবে গাজীপুরে সবচেয়ে বেশি ৩৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় সেপ্টেম্বরে ৫২টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনা ঘটেছে। এ সময়ে ১১টি নৌদুর্ঘটনায় ১৬ জন নিহত, সাতজন আহত এবং চারজন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, ২৩টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের ঝুঁকিপূর্ণ মানসিকতা, দক্ষতা ও শারীরিক বা মানসিক সক্ষমতার ঘাটতি, বেতন ও কর্মঘণ্টা নির্ধারিত না থাকা, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত জনসচেতনতার অভাব সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।

দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি পথচারী নিহতের ঘটনা কমাতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরএসএফ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park