প্রতিরক্ষা, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন মাত্রা পাচ্ছে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে আজ সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে আরও কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এরদোয়ানের সঙ্গে এটি তারেক রহমানের দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের প্রথম সাক্ষাৎ হয়। ওই বৈঠকে প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং সম্পর্ককে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার ওপর গুরুত্ব দেন এরদোয়ান।
এর আগে গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেন। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া গত জুলাইয়ে বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফরে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষাপ্রযুক্তি ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটও দুই দেশের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে আন্তালিয়ার বৈঠকে ঢাকা–আঙ্কারা সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যাশা রয়েছে।
Leave a Reply