ইয়েমেনের হুথিদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরবের সামরিক বাহিনী। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হয়েছিল। অন্যটি ছোড়া হয় দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে। মঙ্গলবার (১০ নভেম্বর) সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি হামলার জন্য ইরান-সমর্থিত হুতিদের দায়ী করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সৌদির দক্ষিণাঞ্চলের আকাশে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়ে আকাশপথে হামলার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, বিপদ কেটে গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত হুথিদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের মধ্যে সংঘাত চলার মধ্যেই সৌদি আরবে একের পর এক হামলার ঘটনা ঘটছে। ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে আসছে রিয়াদ। অন্যদিকে, হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি সরকারি বাহিনীর ভূখণ্ড পুনর্দখলের অভিযানে বিমান হামলার মাধ্যমে সহায়তা করছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এর জবাবে হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের তেল অবকাঠামো, শোধনাগার ও তেল সংরক্ষণাগারগুলোতে বারবার হামলা চালিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মদিনা অঞ্চলে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলায় পাইপলাইনে সীমিত আকারে আগুন লাগে। পরে তা নিভিয়ে ফেলা হয়। তবে পাইপলাইনের তেল পরিবহন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পর হরমুজ প্রণালিতে তেহরানের বিধিনিষেধের কারণে সৌদি আরবের তেল রফতানির জন্য পূর্ব-পশ্চিম পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে পাইপলাইনটিতে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।
এর আগে রবিবার হুথিরা রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলা চালানোর দাবি করে। সৌদি কর্মকর্তারা জানান, ওই হামলা প্রতিহত করার সময় পড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর টাওয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসপিএ প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করতে দেখা গেছে। ভবনটির কয়েকটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্নও দৃশ্যমান ছিল।
সূত্র: আলজাজিরা
Leave a Reply