1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর স্বর্ণের দাম এক ধাক্কায় কমলো প্রায় ১১ হাজার টাকা! শনিবার সশস্ত্র বাহিনী দিবস খেয়ালি আবহাওয়ায় ঘরে ঘরে বাড়ছে শিশু ও বয়স্কদের অসুস্থতা ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার মার্কিন কংগ্রেসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হয়ে ইতিহাস গড়ছেন জেফ্রিস! আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খেয়ালি আবহাওয়ায় ঘরে ঘরে বাড়ছে শিশু ও বয়স্কদের অসুস্থতা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

ভোরে হালকা কুয়াশা, দুপুরে কড়া রোদ আর রাতে হিমেল হাওয়া, রাজধানীর আবহাওয়ার এই হঠাৎ খামখেয়ালিপনায় ঘরে ঘরে বাড়ছে অসুখ। সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম হওয়ায় ঋতু পরিবর্তনের এই ধাক্কায় সবচেয়ে বেশি ভুগছে শিশু ও বয়স্করা।
এ সময়ে শিশুদের ঠান্ডা লাগা, জ্বর ও কাশির পাশাপাশি তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসার হার বেড়েছে। তাই মৌসুম পরিবর্তনের এই স্পর্শকাতর সময়ে অভিভাবকদের বাড়তি সতর্ক হওয়া এবং শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা।

মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় কয়েক গুণ বেড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন। অসুস্থ সন্তান কিংবা বয়স্ক স্বজনকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালের জন্য অপেক্ষা করছেন অভিভাবকরা। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালগুলোর প্রতিদিন তীব্র শয্যা সংকট তৈরি হচ্ছে। অনেক রোগীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।

হাসপাতালের বারান্দায় অপেক্ষায় থাকা মা সাফিয়া আক্তার তার তিন বছরের সন্তানকে নিয়ে এসেছেন। তিনি জানান, আবহাওয়া পরিবর্তনের পর থেকেই ওর জ্বর আর সর্দি কোনোভাবেই কমছে না। গত দুদিন ধরে হালকা শ্বাসকষ্টও শুরু হয়েছে। এখানে এসে দেখছি রোগীর এতো চাপ যে, ডাক্তারের সিরিয়াল পেতে কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে।

বয়স্ক বাবাকে নিয়ে জরুরি বিভাগে এসেছেন রহমান হাসান। তিনি বলেন, বাবার আগে থেকেই অ্যাজমা ছিলো। হঠাৎ এই ঠান্ডায় শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়ে গেছে, সাথে যোগ হয়েছে ভাইরাল ফিভার। ইনডোরে কোনো সিট না পাওয়ায় বাধ্য হয়ে আউটডোরেই নেবুলাইজার দিতে হচ্ছে।

হাসপাতালে আসা আরেক শিশু রোগীর বাবা মো. আল-আমিন বলেন, বাচ্চাকে স্কুলে পাঠালে সেখানেও অনেকেই সর্দি-কাশিতে ভুগছে। সেখান থেকেই ওর জ্বর এসেছে। বাচ্চাদের রোগ তো দ্রুত ছড়ায়, তাই দেরি না করে হাসপাতালে নিয়ে এলাম। কিন্তু এখানে এ ভিড় যে বাচ্চাদের নিয়ে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে।

আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি রাজধানীর ভয়াবহ বায়ুদূষণ ও ধুলোবালি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গেই বাতাসে আর্দ্রতা কমে শুষ্কতা ও ধূলিকণার পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। চারপাশের অপরিকল্পিত নির্মাণকাজ ও যানবাহনের কালো ধোঁয়ায় বাতাস ভারী হয়ে ওঠায় শিশু ও বয়স্কদের শ্বাসতন্ত্রের সংক্রমণ তীব্র আকার ধারণ করছে। দূষিত এই বাতাসে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নেওয়াই এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যা হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ার অন্যতম প্রধান কারণ।

চিকিৎসকরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রার আকস্মিক ওঠানামা, শুষ্ক আবহাওয়া ও মাত্রাতিরিক্ত ধুলোবালির কারণে শিশু এবং বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত দুর্বল হয়ে পড়ে। ফলে সাধারণ সর্দি-কাশি খুব দ্রুত রূপ নিচ্ছে অ্যালার্জি, ব্রঙ্কিওলাইটিস, মারাত্মক অ্যাজমা এমনকি নিউমোনিয়ায়। পাশাপাশি এ সময়ে শিশুদের মধ্যে ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপও বাড়ছে। অন্যদিকে বয়স্করা বেশি ভুগছেন দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, হাঁপানি ও অস্থিসন্ধির ব্যথায়।

এ বিষয়ে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, শীত প্রায় চলে এসেছে। শীতের শুরু এবং শেষ সময়ে দিনে গরম আর রাতে ঠান্ডা, তাপমাত্রার এমন তারতম্য থাকে। তাই এই সময়ে শিশু ও বয়স্কদের আবহাওয়ার সঙ্গে মানানসই পোশাক পরানো, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করানো এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় মৌসুমি শাকসবজি ও ফলমূল রাখতে হবে। পাশাপাশি অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে কিংবা নিজে নিজে ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শ্বাসকষ্ট ও ত্বকের সুরক্ষার বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়ে তিনি বলেন, অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত নেবুলাইজার দিতে হবে এবং নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হবে। এ ছাড়া শুষ্ক আবহাওয়া ও ধুলোবালির কারণে এ সময়ে ত্বকের নানা সমস্যা ও অ্যালার্জি বেড়ে যায়। তাই ত্বক যাতে শুষ্ক হয়ে ফেটে না যায় কিংবা অ্যালার্জি ও চুলকানি না হয়, সেজন্য নিয়মিত ময়েশ্চারাইজার, লোশন বা অলিভ অয়েল ব্যবহার করা জরুরি। শিশু ও বয়স্কদের গোসলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা এবং ধুলোবালি থেকে ত্বক পরিষ্কার রাখাও খুব প্রয়োজন।

সচেতনতা বাড়ানো গেলে মৌসুমি রোগের এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে, ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। পারিবারিক সচেতনতা ও সময়মতো দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগের জটিলতা সহজেই এড়ানো সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park