ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের ভারতীয় সাংবাদিক কৃষ্ণা এন দাস মঙ্গলবার (২৪ নভেম্বর) তার এক প্রতিবেদনে জানিয়েছেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান।
প্রতিবেদনে বলা হয়, ভারতে পালিয়ে যাওয়া হাসিনা এবারই প্রথমবার দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন। তার মুখপাত্র বলেছেন, তিনি চান বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে করে ফিরতে।
সৈয়দ মোজাম্মেল আলী নামে হাসিনার এ মুখপাত্র বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।
হাসিনার এ মুখপাত্রের ভাষ্য, সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর
বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, এটি হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে দাবি তার (শেখ হাসিনা) মুখপাত্র করেছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।
ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে তারা কিছু করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে সেটি কূটনৈতিক চ্যানেলে বলতে হবে। তবে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এ দলের নেতাকর্মীরা যে খুনি, তারা তা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছেন।
আমিনুল ইসলাম বলেন, এসব আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হবে।
দল হিসেবে আওয়ামী লীগের তদন্তের অগ্রগতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কাছে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সময়মতো জানানো যাবে।
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।
বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে আওয়ামী লীগকে বোঝে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী তো একজনই। সন্ত্রাসী তো আওয়ামী টেররিজম। বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে তাদের বোঝে। যার স্পন্সরড হাসিনা আপা ফ্রম দিল্লি। তো এটা তো সবাই জানে। এটা তো রকেট সায়েন্স না। সন্ত্রাস তো বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই জানে কারা।
জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে । মানে জয় বাংলা বললেই মনে হয় কেউ দৌঁড়ে পালাচ্ছে। আমরা মুসলমানরা মারা যাবার আগে কলিমা পড়ার চেষ্টা করি। এরা জয় বাংলা বলে মরে যায়। এটা তাদের এখন পালানোর আর মরার স্লোগান।
দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে হুমায়ুন কবির বলেন, সরকার আত্মবিশ্বাসী। কারণ, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দেশের মানুষের কাছে শক্ত অবস্থান রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে জনগণকে আস্থায় নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত হচ্ছে।
হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যে-কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply