দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্য ও ব্যবসায়িক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত প্রতি ছয়টি কোম্পানির মধ্যে একটির ব্যবসার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। ডিএসইর সাম্প্রতিক মূল্যায়নে মোট ৬১টি কোম্পানিকে ব্যবসার ধারাবাহিকতা বা ‘গোয়িং কনসার্ন’ (Going Concern) ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৯টি কোম্পানির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম ইতোমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ডিএসইর ওয়েবসাইটে ‘লিস্ট অব কোম্পানিজ হ্যাভিং গোয়িং কনসার্ন থ্রেট’ (List of Companies Having Going Concern Threat) শিরোনামে প্রকাশিত হালনাগাদ তালিকায় এই চিত্র উঠে এসেছে। বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৬০টি কোম্পানির মধ্যে এই ৬১টি প্রতিষ্ঠানের হার প্রায় ১৭ শতাংশ। অর্থাৎ, বাজারের প্রায় এক-ষষ্ঠাংশ কোম্পানি এখন অস্তিত্ব সংকটে ভুগছে।
ডিএসইর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মাত্র সাত মাসের ব্যবধানে ঝুঁকিপূর্ণ কোম্পানির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এপ্রিলে ডিএসইর এই তালিকায় ৩৭টি কোম্পানি ছিল। সাত মাসের ব্যবধানে নতুন করে আরও ২৪টি কোম্পানি এই ঝুঁকির তালিকায় যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬১টিতে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের চড়া সুদহার, ডলার সংকট ও কাঁচামাল আমদানিতে প্রতিবন্ধকতার কারণে অনেক প্রতিষ্ঠানই তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ধরে রাখতে হিমশিম খাচ্ছে।
গোয়িং কনসার্ন’ ঝুঁকি কী এবং কেন এই তালিকা?
আন্তর্জাতিক হিসাবমান (IAS) অনুযায়ী, কোনো কোম্পানি অদূর ভবিষ্যতে (সাধারণত পরবর্তী অন্তত ১২ মাস) তার স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম কি না, সেটিই ‘গোয়িং কনসার্ন’ হিসেবে বিবেচিত হয়। নিরীক্ষকরা কোম্পানির আর্থিক প্রতিবেদন যাচাই করার সময় যখন দেখেন যে প্রতিষ্ঠানটি ক্রমাগত লোকসান গুনছে, ঋণ খেলাপি হয়ে পড়েছে, মূলধন ঘাটতি দেখা দিয়েছে কিংবা উৎপাদন বন্ধ রয়েছে—তখন তারা নিরীক্ষা প্রতিবেদনে ‘গোয়িং কনসার্ন থ্রেট’ বা ব্যবসার ধারাবাহিকতা নিয়ে সংশয় প্রকাশ করেন।
বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিএসই কর্তৃপক্ষ নিরীক্ষকদের এই মতামতের ভিত্তিতে নিয়মিতভাবে ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোর তালিকা প্রকাশ ও হালনাগাদ করে থাকে।
খাতওয়ারি ও সার্বিক চিত্র
ঝুঁকিতে থাকা ৬১টি কোম্পানির মধ্যে বস্ত্র (টেক্সটাইল), প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, চামড়া, সিরামিক এবং তথ্যপ্রযুক্তি খাতের একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে যে ১৯টি কোম্পানির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে, সেগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ (ডিভিডেন্ড) দিতে পারছে না এবং নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতেও ব্যর্থ হচ্ছে। অনেক কোম্পানির কারখানা তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এবং তাদের স্থায়ী সম্পদ ও ব্যাংক ঋণের তথ্যেও বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।
সর্বশেষ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ১১টি কোম্পানি। এর মধ্যে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স, বে লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামী ফাইন্যান্স, রিং শাইন টেক্সটাইল, প্যাসিফিক ডেনিম, অ্যাটলাস বাংলাদেশ, রেনউইক যজ্ঞেশ্বর ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। বিপরীতে আগের তালিকা থেকে বাদ পড়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস।
বিনিয়োগকারীদের অনেকের মতে, তালিকাভুক্ত হওয়ার সময় এসব কোম্পানি মুনাফার ফুলঝুরি দেখালেও কয়েক বছরের মাথায় উৎপাদন বন্ধ করে দিচ্ছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি এসব কোম্পানিতে আটকে যাচ্ছে। পুঁজিবাজারে সুশাসনের অভাব এবং দুর্বল কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার খেসারত এখন দিতে হচ্ছে।
সূত্র: ডিএসই
Leave a Reply