পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, উদ্বেগের বিস্তার এবং সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থা ও সত্ত্বার অন্তর্গত যেকোনও সম্পত্তি জব্দ করা হবে এবং একইসঙ্গে আমেরিকানরাও এখন থেকে আর এসব সংস্থার সাথে ব্যবসা করতে পারবেন না।
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় বেশ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, মার্কিন এই পদক্ষেপ “দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট”। এছাড়া “সামরিক অসামঞ্জস্যকে জোরদার করার লক্ষ্যে” আরোপ করা এই নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে।
Leave a Reply