চলছে মুসলমানদের মহিমান্বিত মাস রমজান। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা দিনের বেলায় উপবাস থেকে রোজা রাখেন এবং সন্ধ্যা হলে ইফতার করেন। ইফতারে রাখা হয় হরেক রকমের খাবার। তবে ভারতীয় উপমহাদেশে ইফতারে আর কিছু থাকুক আর না থাকুক এই ছোলাবুট থাকবেই।
এ ছাড়া ছোলা আমাদের খাদ্য তালিকায়ও একটি গুরুত্বপূর্ণ উপাদান।
ছোলায় রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ছোলার উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
এ ছাড়া আর কী উপকার আছে এই ছোলায় এবং এটি কাঁচা নাকি সিদ্ধ খাবেন, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—
ফাইবারযুক্ত এই খাবার হজম প্রক্রিয়াকে ধীর করে, ফলে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে প্রবেশ করে এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পায় না। এটি টাইপ-২ ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষভাবে উপকারী।
ছোলা খাওয়ার সঠিক পদ্ধতি
ছোলা বিভিন্নভাবে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যায়।
অনেকে কাঁচা ছোলা ভিজিয়ে খান, যা পুষ্টিগুণ বজায় রাখে। আবার সিদ্ধ বা ভাজা ছোলাও জনপ্রিয়। তবে, ভাজা ছোলায় অতিরিক্ত তেল ব্যবহৃত হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই সতর্ক থাকা উচিত।
কাঁচা ছোলা খাওয়ার পদ্ধতি
সারা রাত বা অন্তত ৮-১০ ঘণ্টা ছোলা পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানো ছোলা নরম হয় এবং সহজে হজম হয়।
খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নিতে পারেন।
ভেজানো কাঁচা ছোলার সঙ্গে সামান্য লবণ, কাঁচা মরিচ, লেবুর রস বা শসা মিশিয়ে খেতে পারেন। এটি স্বাদ বাড়ায় এবং পুষ্টি গ্রহণ সহজ করে।
সিদ্ধ ছোলা খাওয়ার পদ্ধতি
ছোলা ধুয়ে ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করুন। সিদ্ধ করার সময় সামান্য লবণ ও হলুদ মেশালে স্বাদ বৃদ্ধি পায়। সিদ্ধ ছোলার সঙ্গে পেঁয়াজ, টমেটো, শসা, ধনেপাতা ও লেবুর রস মিশিয়ে সালাদ তৈরি করতে পারেন।
কাঁচা নাকি সিদ্ধ ছোলা
কাঁচা ছোলায় ফাইবার ও প্রোটিন বেশি থাকে এবং শক্তি বৃদ্ধি করে।
সিদ্ধ ছোলা সহজে হজম হয় এবং গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায়।
উপকারিতা : উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি মাংসপেশি গঠনে সহায়ক। ফাইবার থাকার কারণে হজমের সমস্যা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর। এটি শক্তি বৃদ্ধি করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।
সতর্কতা: কাঁচা ছোলা খেয়ে পেট ফাঁপার সমস্যা হলে সিদ্ধ ছোলা খান। অতিরিক্ত লবণ বা মশলা মেশানো থেকে বিরত থাকুন।
ছোলা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সহজেই অন্তর্ভুক্ত করা যায় এবং এটি স্বাস্থ্যের জন্য বহুমুখী উপকারিতা প্রদান করে। ছোলায় উপস্থিত সলিউবল ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। তাই সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ছোলা খাওয়ার অভ্যাস উপকারী। তবে কিডনির সমস্যা থাকলে এটি এড়িয়ে যাওয়াই ভালো।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Leave a Reply