গ্রীষ্মকালে এক গ্লাস ঠাণ্ডা আখের রস যেন প্রাণ জুড়িয়ে দেয়। এতে থাকে ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো দরকারি খনিজ উপাদান। যা শরীরকে রাখে হাইড্রেটেড এবং ক্লান্তি দূর করে এনার্জি বাড়ায়। তবে পুষ্টিগুণে ভরপুর হলেও আখের রস সবার জন্য উপযুক্ত নয়।
কিছু বিশেষ শারীরিক অবস্থায় এটি খেলে উপকারের বদলে হতে পারে ক্ষতি। চলুন, জেনে নিই কারা আখের রস খাওয়া থেকে বিরত থাকবেন।
যারা ওজন কমাতে চাইছেন
আখের রসে ক্যালোরি ও প্রাকৃতিক চিনি অনেক বেশি। নিয়মিত খেলে ওজন বাড়তে পারে, বিশেষ করে পেটের চর্বি দ্রুত জমে।
তাই ডায়েট করছেন বা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা এই রস খাবেন বুঝে শুনে।
যাদের পেটের সমস্যা আছে
আখের রসে থাকা কিছু উপাদান হজমের সমস্যা তৈরি করতে পারে। এতে থাকা পলিকোসানল হজমশক্তিকে প্রভাবিত করে। এর ফলে হতে পারে পেট ব্যথা, বমি, মাথা ঘোরা বা ডায়েরিয়ার মতো সমস্যা।
তাই পেটের সমস্যা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।
ডায়াবেটিক রোগী
আখের রসে গ্লুকোজের পরিমাণ খুবই বেশি, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি একেবারেই পরামর্শযোগ্য নয়।
যাদের দাঁতের সমস্যা রয়েছে
দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা বা ক্যাভিটির প্রবণতা থাকলে আখের রস এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত মিষ্টির কারণে মুখের ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে দাঁত ও মাড়ির অবস্থা খারাপ করতে পারে।
গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা
গর্ভাবস্থায় বা সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় আখের রস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতে থাকা প্রাকৃতিক চিনি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে এবং কিছু ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।
আখের রস অনেক উপকারী হলেও, কিছু শারীরিক অবস্থায় এটি এড়িয়ে চলাই ভালো। যেকোনো সন্দেহ বা অসুবিধার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সূত্র : আজকাল
Leave a Reply