রান্নাঘরে মাইক্রোওয়েভ ওভেন এখন প্রায় অপরিহার্য একটি যন্ত্র। খাবার গরম করা থেকে শুরু করে রান্নাও করা যায় এতে। কিন্তু সামান্য ভুল ব্যবহার থেকেই হতে পারে বড়সড় বিপদ—শুধু ওভেন নয়, ক্ষতি হতে পারে আপনারও। চলুন, জেনে নিই কোন পাঁচ জিনিস কখনোই মাইক্রোওয়েভে দেওয়া উচিত নয়।
অ্যালুমিনিয়াম ফয়েল–আগুন লাগার আশঙ্কা
মাইক্রোওয়েভ রশ্মি অ্যালুমিনিয়াম ফয়েলে প্রতিফলিত হয়ে আগুনের ঝলক তৈরি করতে পারে। এতে অভেনের মধ্যে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে।
ধাতব পাত্র–বিদ্যুৎ সঞ্চালনের বিপদ
ইস্পাত, তামা, পিতল বা কাস্ট আয়রনের বাসন ব্যবহার করা একেবারেই অনুচিত। ধাতব বস্তু মাইক্রোওয়েভে বিদ্যুৎ সঞ্চালন ঘটাতে পারে, যা অভেনের ক্ষতির পাশাপাশি আগুনও লেগে যেতে পারে।
অমাইক্রোওয়েভ-সেফ প্লাস্টিক–বিষাক্ত রাসায়নিকের আশঙ্কা
সব প্লাস্টিকের পাত্র মাইক্রোওয়েভে ব্যবহারযোগ্য নয়। যেসব প্লাস্টিকে ‘মাইক্রোওয়েভ সেইফ’ লেখা নেই, সেগুলি উত্তাপ পেয়ে ক্ষতিকর রাসায়নিক নির্গত করতে পারে, যা খাবারের সঙ্গেও মিশে যেতে পারে।
ডিম (খোসাসহ)–বিস্ফোরণের ঝুঁকি
ডিম খোসা ছাড়িয়ে না দিলে তার ভেতরের বাষ্প বের হতে পারে না। ফলে মাইক্রোওয়েভে সেটি চাপ তৈরি করে ফেটে যায়।
এমনকি সেদ্ধ ডিমও গরম করতে দিলে তা ফেটে যেতে পারে। তাই আগে থেকেই কেটে নেওয়াই বুদ্ধিমানের।
স্টাইরোফোম ও কাগজের ব্যাগ–গলে যাওয়া ও আগুনের আশঙ্কা
অনেক ফাস্টফুড প্যাকেট আসে স্টাইরোফোম বা কাগজের ব্যাগে। এগুলিকে মাইক্রোওয়েভে দিলে স্টাইরোফোম গলে যেতে পারে এবং কাগজের ব্যাগে আগুন ধরে যেতে পারে।
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
মাইক্রোওয়েভের সঠিক ব্যবহার শুধু খাবারের গুণমান রক্ষা করে না, বরং আপনার ঘর ও পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করে।
তাই চোখ বন্ধ করে নয়, জেনে-বুঝে ব্যবহার করুন এই আধুনিক যন্ত্রটি।
সূত্র : এবিপি বাংলা
Leave a Reply