বিকেলে বন্ধুর সঙ্গে আড্ডায় বা ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে বাদাম খেতে সবারই ভালো লাগে। সস্তায় সময় কাটানোর এমন উপকরণ আর নেই বললেই চলে। অনেকে আবার কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে সকাল বেলা খান। কেউ আবার মুড়ি-চানাচুরের সঙ্গে মেখেও খান।
এই চিনাবাদামের উপকার বলে শেষ করা যাবে না।
অনেকেই তাই প্রতিদিন চিনাবাদাম খেয়ে থাকেন। কখনো কাঁচা, কখনো ভাজা, যার যেমন ইচ্ছা। কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন বাদাম খেয়ে শরীরের আলাদা কোনো উপকার আছে কি না, নাকি রয়েছে ক্ষতি।
তা জানুন এই প্রতিবেদনে।
প্রতিদিন চিনাবাদাম খেলে কী হয়
চিকিৎসকদের মতে, মুখোরোচকের সঙ্গেই স্বাস্থ্যকর নাশতার তালিকায় ধরা যেতে পারে চিনা বাদামকে। প্রতিদিন চিনাবাদাম খেলে অনেক উপকার পাওয়া সম্ভব, এতে ভালো থাকে স্বাস্থ্যও। এতে আছে হেলদি ফ্যাট, ফাইবার ও প্রোটিন।
চিনাবাদাম ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে গেলে ভালো থাকে হৃদযন্ত্র। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। তাই হার্ট ভালো রাখতে চিনাবাদাম খাওয়া ভালো।
ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে চিনাবাদাম।
তাই ডায়াবেটিস থাকলে এই বাদাম খেতে পারেন। চিনাবাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এ ছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ই রয়েছে বলে চিনাবাদাম আমাদের চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্যেও ভালো। আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে বয়সজনিত রোগ থেকে চিনাবাদাম দূরে রাখবে আপনাকে।
যারা রোগা হওয়ার জন্য লড়াই করছেন তাদের চিনাবাদামের থেকে দূরে থাকাই ভালো। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালরি। চিনাবাদাম বেশি খেলে ওজন বাড়তে পারে। অনেকের আবার চিনাবাদামে অ্যালার্জি থাকে, যাদের এই সমস্যা আছে, তাদের দূরে থাকাই ভালো।
সূত্র : টিভি ৯ বাংলা
Leave a Reply