আষাঢ় ও শ্রাবণ—এই দুই মাস মিলিয়ে বর্ষাকাল। এই দুই মাস ছাড়াও জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসেও মাঝেমধ্যে বৃষ্টি দেখা দেয়। এখন বর্ষার শুরুর দিক। প্রায় দিনই বৃষ্টি লেগে থাকে।
এই সময় অনেকেরই নানা খাবার খাওয়ার স্বাদ জাগে। বৃষ্টির দিনের তেমনই একটি খাবার হচ্ছে খিচুড়ি। তবে প্রশ্ন হচ্ছে, বর্ষায় কেন খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়। আর তা জানাতেই আজকের প্রতিবেদন।
চলুন, জেনে নেওয়া যাক—
আবহমান বাংলার প্রকৃতিতে বৃষ্টির আনাগোনা দেখা দিয়েছে। আর বৃষ্টি মানেই বাসায় আবদ্ধ থাকা। এই সময় অনেকেরই খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়। বাঙালির এই খাবারের প্রচলন বহুদিনের।
এখন শুকনো খিচুড়ি, পাতলা খিচুড়ি থেকে শুরু করে সবজি খিচুড়ির মতো নানা ধরনের খিচুড়ি তৈরি হয়। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ডিম অমলেট, ইলিশ মাছ ভাজার মতো পদও অনেকে রাখেন। তবে বেশির ভাগ মানুষের কাছে প্রিয় হচ্ছে গরুর মাংসের সঙ্গে খিচুড়ি।
কিন্তু কখনো কি জানতে ইচ্ছা করে—বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? আর বৃষ্টির দিনে খিচুড়ি খেলে শরীরের কি কোনো উপকার হয়?
বৃষ্টির দিনে খিচুড়ি কেন
অনেকের মতে, খিচুড়ি নাকি বাউলদের খাবার। এই গানপাগল মানুষগুলো একসময় পথেঘাটে গান করতেন, গ্রামে পাড়ায় পাড়ায় মানুষদের গান শোনাতেন।
আর তখন দক্ষিণা হিসেবে পেতেন চাল-ডাল। তাই তারা চাল ডাল একত্রে মিলিয়ে খুব দ্রুত ও ঝামেলা মুক্তভাবে রেঁধে খেয়ে নিতেন। কালক্রমে এই খাবারের নাম হয় খিচুড়ি।
এ ছাড়া আরেকটি লৌকিক কারণ হলো, গ্রামাঞ্চলে রান্নাঘর সাধারণ ঘরের বাইরে থাকে। ফলে বৃষ্টি হলেই ভিজে যেত চুলা। তাই সহজেই চাল, ডাল ও সবজি মিলিয়ে খুব দ্রুত রান্না করা হতো খিচুড়ি। এসব কারণেই বৃষ্টির দিনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে খিচুড়ি সংস্কৃতি।
অনেকে আবার বৈজ্ঞানিক কারণ হিসেবে বলে থাকেন, খিচুড়ি গুরুপাক খাবার। তাই এই খাবার খেলে হজমের সমস্যাও হতে পারে। তা ছাড়া একত্রে অনেক সবজি বা উপাদান থাকায় এই খাবার গরমের সময় খেলে হজম ও পেটের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বৃষ্টির দিনের ঠাণ্ডা আবহাওয়ায় মানুষ খিচুড়ি খান; যাতে সমস্যায় পড়তে না হয়।
বৃষ্টির দিনে খিচুড়ির উপকারিতা
বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আরেকটি উপকারিতা হলো এর খাদ্যগুণ। মূলত, চাল-ডাল একসঙ্গে থাকায় এর মধ্যে ফাইবারের পরিমাণ থাকে যথেষ্ট। এদিকে খিচুড়ি গরম গরম খেতে ভালো লাগে। ঠাণ্ডা খিচুড়ির স্বাদ খুব একটা ভালো লাগে না!
তবে গরম খিচুড়ি বেশ কিছু রোগ সারিয়ে দিতে পারে। বিশেষ করে, গলা ধরার সমস্যা বা ওই জাতীয় কোনো সমস্যা। বৃষ্টির সময় পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে। গরম খিচুড়ি সেসব রোগের মোকাবিলা করতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। এই কারণে খিচুড়িকে পথ্য হিসেবেও দেখা হতো এক সময়।
Leave a Reply