অপরাধীদের ধরতে গিয়ে পুলিশ আক্রমণের শিকার হলেও তাদের গ্রেফতারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অপরাধীদের রক্ষায় কেউ সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সারা বিশ্বেই অপরাধের ধরন পাল্টেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধীরা ফিশিং, ব্ল্যাকমেইলিং, অনলাইন হয়রানি ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করছে। এতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিজিটাল প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সরকারের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ঢাকার পর চট্টগ্রামেও সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জু, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply