থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টি, উপকূলীয় বন্যা ও প্রবল ঝোড়ো বাতাসে উৎসবের আমেজ ম্লান হয়ে যাওয়ার পাশাপাশি ভ্রমণ ও স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের ছন্দপতন ঘটেছে। এমন বৈরী পরিস্থিতির মধ্যেই ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থ্যাংকসগিভিং দিবসে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণ দিনে ফ্লাইট বিপর্যয়ে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন বা গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়েন। পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলজুড়ে গাছপালা উপড়ে পড়া এবং বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ৯ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার নাম উঠে এসেছে। পেনসিলভানিয়ায় দুই লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে এক লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে এক লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় এক লাখ ৩২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। এ ছাড়া মিসৌরিতে প্রায় এক লাখ ছয় হাজার এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ৫৬ হাজারের বেশি গ্রাহকের ঘরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং উপকূলীয় নিউ ইংল্যান্ডের বিভিন্ন অংশে ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা ও রেকর্ড করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বৃহস্পতিবার বিকেলে ঝড়ের তীব্রতা বেড়ে লাগার্ডিয়া বিমানবন্দরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৬ মাইল পর্যন্ত পৌঁছায়। মিসৌরির কিছু অংশে এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে, আর ভার্জিনিয়ার নরফোক এলাকায় টর্নেডোর সতর্কতা সাইরেন বেজে ওঠে।
ঝড়ের কারণে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে নিউ ইয়র্ক সিটিতে, যেখানে ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শনিবার ২৮ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বিশালাকার ক্যারেক্টার বেলুনগুলো প্রবল বাতাসে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দর্শক বা স্থাপনার ক্ষতি করতে পারে, এমন আশঙ্কা থেকেই নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস জানিয়েছেন, অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তাই তাদের কাছে সবার আগে।
শতবর্ষী এই প্যারেডের ইতিহাসে কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত রাবার ও হিলিয়াম সংরক্ষণের স্বার্থে আয়োজনটি স্থগিত ছিল। এমনকি কোভিড-১৯ মহামারির সময়ও তা পিছিয়ে দেওয়া হয়নি। ফলে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময় থেকে প্যারেড সরিয়ে নেওয়ার ঘটনা এবারই প্রথম ঘটল।
আবহাওয়াবিদদের মতে, রাতভর মধ্য-আটলান্টিক অঞ্চলে অবস্থার কিছুটা উন্নতি হলেও ঝড়ের প্রভাবে পূর্বাঞ্চল ও নিউ ইংল্যান্ডে বাতাসের দমকা হাওয়া এবং ভ্রমণ সতর্কতা অব্যাহত রয়েছে। বিদ্যুৎ সংস্থাগুলো দ্রুত সংযোগ চালুর চেষ্টা চালালেও তীব্র বাতাস ও জলাবদ্ধতার কারণে মেরামতকাজে বেগ পেতে হচ্ছে।
সূত্র: বিবিসি
Leave a Reply