1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লোগো-পতাকায় বড় পরিবর্তন আনছে জামায়াত! আবার দুই লাখ ছাড়ালো স্বর্ণের ভরি জাতীয় ঐক্য চাইলে বাস্তবায়ন করতে হবে গণভোটের রায়: জামায়াত আমির ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: রাষ্ট্রপতি কলেজ-শিক্ষকদের শূন্যপদ পূরণের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী সীমান্তের ভেতরে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার কার ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা? ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত

কলেজ-শিক্ষকদের শূন্যপদ পূরণের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারেও সরকার সচেতন। শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে, কলেজভিত্তিক শিক্ষকসংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই। কারণ, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের স্বার্থ সংরক্ষণ জরুরি।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অধ্যক্ষ সম্মিলনের প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সম্মিলনে দেশের ৬৪টি জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নিয়েছেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা কলেজের প্রধান। কলেজের অধ্যক্ষ। একজন অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, আপনি আপনার প্রতিষ্ঠানের নেতা এবং নৈতিক দিকদর্শী। আপনারা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। আপনাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার উপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছুই নির্ভর করে।

তিনি বলেন, শহর কিংবা গ্রাম, সবার জন্য উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ কলেজের সংখ্যা অনেক বেড়েছে। বেড়েছে উচ্চ শিক্ষার সুযোগ। শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। কলেজ এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতোটা বেড়েছে এটি এখনো প্রশ্নের উর্ধে নয়। ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেয়া হয়েছিলো। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের সকল উদ্যোগ গ্রহণ করেছে। তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বাস্তবায়নের নেতৃত্ব কিন্তু আপনাদেরকেই পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, যুগোপযোগী এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও কার্যকর করতে শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিও এখন সময়ের দাবি। এক্ষেত্রে প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করার লক্ষ্যে প্রয়োজনে ‘ট্রেন দ্যা ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে কিন্তু বেকারত্ব কমবেনা। দেখা যায়, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশির অন্যতম কারণ। বিশ্বে কতো মানুষ প্রযুক্তির সুফল পেতে ব্যর্থ হলো, এই বিবেচনায় প্রযুক্তির অগ্রগতি কিন্তু পিছিয়ে থাকে না। পৃথিবীর অর্ধেক সংখ্যক মানুষ এখনো তৃতীয় শিল্প বিপ্লবের সুবিধা ভোগ করতে না পারলেও বিশ্ব ইতোমধ্যেই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। সুতরাং, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা পদ্ধতি থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং,বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি এমনকি পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিসহ এ ধরণের নিত্যনতুন প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে আমূল বদলে দিচ্ছে। এইসব অত্যাধুনিক প্রযুক্তির আবিষ্কার একদিকে যেমন অনেক পুরোনো পেশার বিলুপ্তি ঘটিয়ে মানুষের বেকারত্বের অন্যতম কারণ হয়ে উঠছে, অপরদিকে চাকুরীর নিত্যনতুন ক্ষেত্রও তৈরি করছে।

তারেক রহমান বলেন, শিক্ষা মানুষকে শক্তি দেয়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো, আর সুনির্দিষ্ট লক্ষ্যনির্ভর শিক্ষা সফল ভবিষ্যৎ নির্মাণের কার্যকর পথনির্দেশক। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করাই মধ্যেই সাফল্য নিহিত। এ কারণেই শিক্ষার শক্তিকে কর্ম দক্ষতায় রূপান্তরের জন্যই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অনিবার্য।

শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, শিল্পখাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে, আর শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। সুতরাং,শ্রেণিকক্ষ হবে জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার হবে নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্র, আর শিল্পপ্রতিষ্ঠান হবে অর্জিত জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের কার্যকর পাঠশালা। এভাবেই গড়ে উঠবে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় সক্ষম, দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভরশীল প্রজন্ম। এরই আলোকে চলমান পরিস্থিতিতে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যেই এপ্রেন্টিসশীপ, ইন্টার্নশীপ এবং ইন্ড্রাষ্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর চূড়ান্ত হয়েছে। আজকের এই অধ্যক্ষদের সম্মেলনে শিল্পোদ্যোক্তা এবং চাকুরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ তারই প্রতিফলন বলেই আমি মনে করি। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তি উন্নয়ন এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সূতিকাগার হিসেবে গড়ে তোলা জরুরি। সুতরাং, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা কার্যকর করতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তাদেরকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সামনে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে ভেবে দেখতে আমি কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানাই।

একইসঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং হাতে কলমে তাদের অভিজ্ঞতা অর্জনের জন্য বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ দেয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য আমি শিল্পোদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানাই। তাহলে শিক্ষার্থী থাকা অবস্থায়ই একজন শিক্ষার্থী ‘লক্ষ্যনির্ভর কর্মদক্ষতা’ এবং অভিজ্ঞতা লাভের কারনে শিক্ষাজীবন শেষে চাকুরীর জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসেবে অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার সক্ষমতা অর্জন অসম্ভব কিছু নয়।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মানবিক শিক্ষার সমন্বয় ঘটানোর বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই নৈতিক মানসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। তবে আমাদের এটিও মনে রাখা জরুরি, শিক্ষাকে শুধু চাকুরীর প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখার মধ্যেই চূড়ান্ত সাফল্য নয়। বরং সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে।

তিনি বলেন, আমরা এতোক্ষণ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যেসব পরিকল্পনা এবং পদক্ষেপের কথা বলেছি, এর সার্বিক সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই একাধিক ভাষা শিক্ষার উপর জোর দিতে হবে। এজন্য কলেজগুলোতে শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি এবং সম্ভাবনার আরো দ্বার উন্মুক্ত করতে অ্যারাবিক, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফ্রেঞ্চ, জার্মান, ইতালীয় কিংবা অন্যান্য যেকোনো আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ সৃষ্টি করাও জরুরি। একইসঙ্গে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজে ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা সৃষ্টির সুযোগ আরো বাড়ানোর আহবান জানাই।

তারেক রহমান বলেন, আরও দুটি বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা ইতোমধ্যেই জেনেছেন, সরকার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিয়েছে। সুতরাং, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজগুলোতে সৌর বিদ্যুৎ স্থাপনের উপযোগী ছাদ রয়েছে, সেইসব কলেজে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ গ্রহণের আহবান জানাই। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, অনুগ্রহ করে আপনারা শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের বাসাবাড়ি এবং আশপাশ পরিছন্ন রাখতে ভুলবেন না।

প্রধানমন্ত্রী বলেন, যারা আজকের এই অধ্যক্ষ সম্মিলনে অংশ নিয়েছেন এবং যেসব শিক্ষকবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নেই, আমি সকল শিক্ষকের প্রতি আহবান জানিয়ে বলতে চাই, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা জরুরি। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। কিন্তু সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়ে দাঁড়ায় সেই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার আহবান জানাই। একইসঙ্গে আমি আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্রতি সবসময় ইতিবাচক দৃষ্টিভিঙ্গ রাখতে প্রতিটি কলেজ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুনে সমৃদ্ধ হবে , কর্মে হবে আত্মনির্ভর, মানবিকতায সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আপন মর্যাদায়। সবশেষে, বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের `One Student One Tree` কর্মসূচির সাফল্য কামনা করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park