রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। পরে বেলা ১২টা ১ মিনিটে সেখানে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে।
ট্রাইব্যুনালে নেওয়ার সময় জিয়াউল আহসানের হাতে হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট ছিল। অন্য আসামিদের মধ্যেও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদেরও বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
সোমবার ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি গ্রহণ করবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলায় মোট আসামি ৪১ জন।
ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন—জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নেওয়ার সময় অধিকাংশ আসামিকে গম্ভীর মুখে দেখা যায়। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মুখে হাসি ছিল।
প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
Leave a Reply