বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে এসব উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে অন্যরাও এখানকার অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগাতে পারবেন। প্রকল্পের কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
এ সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
Leave a Reply